জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে আরও কার্যকর করা, সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়।
এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও সহযোগিতার ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন উপস্থিত ছিলেন।
অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।