গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তিনি বাহিনীর সব পর্যায়ের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৬৭০ জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তাদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসাও করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগোচ্ছে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।
আনসার ও ভিডিপিকে দেশের নিরাপত্তা, সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ, খাল খনন, বন্যা সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যক্রমে এই বাহিনীর অবদান আরও বাড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্প-কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৫০ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য কাজ করে যাচ্ছেন।
শেষে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।