সাংবাদিক, মালিক এবং সংবাদপত্র কর্মচারী—সব পক্ষের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে আগামী জুলাই-আগস্টের মধ্যে একটি আধুনিক ও সময়োপযোগী গণমাধ্যম নীতিমালা এবং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এই কমিশনের মাধ্যমে গণমাধ্যম খাতে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি এবং একটি সুসংগঠিত কাঠামো তৈরি করা হবে।
মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সময়মতো বেতন না পাওয়া বা অপেশাদার আচরণ থেকে রক্ষা করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি মালিকপক্ষের জন্যও ন্যায্য পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাই সাংবাদিক ও মালিকদের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি সুসংগঠিত আইনি কাঠামো তৈরি করা হচ্ছে।
তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে মিথ্যা মামলা ও অপসাংবাদিকতার মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে। এসব বিষয়কে আইনের আওতায় আনার জন্য কমিশন কাজ করবে এবং বিদ্যমান আইনি সীমাবদ্ধতা দূর করা হবে।
এছাড়া মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস আমদানিতে উৎসাহ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আনতে পারে, সে বিষয়ে নীতিমালা তৈরির কাজ চলছে।
মন্ত্রী প্রশ্ন তুলে বলেন, অতীতে গণমাধ্যমের অপব্যবহার করে যেসব কর্মকাণ্ড হয়েছে, সেগুলো কি আইনের বাইরে থাকবে? তাই একটি শক্তিশালী কমিশনের মাধ্যমে এসব বিষয়কে আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।