রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাধ্যমে তিনি হয়ে গেলেন বিশ্ব ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নিতে যাচ্ছেন।
৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ডকে রেখেই বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেস।
অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও যদি এবারের বিশ্বকাপ দলে জায়গা পান, তাহলে তিনিও ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য কীর্তিতে রোনালদোর পাশে বসবেন।
পর্তুগাল বিশ্বকাপে খেলবে ‘ক’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালদোরা।
দলটিতে গোলরক্ষক, রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগ মিলিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে রুবেন দিয়াস, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াওসহ একাধিক তারকা রয়েছেন।