মঙ্গলবার রাতে সবার নজর থাকবে এস্তাদিও মাস মনুমেন্তালের দিকে। সেখানে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও এর গুরুত্ব অন্যরকম। কারণ এদিন লা আলবিসেলেস্তের জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। প্রজন্মের অন্যতম সেরা এই ফুটবলারের জাতীয় দলের ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে এটি।
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের মধ্য দিয়ে যে আন্তর্জাতিক অধ্যায়ের শুরু হয়েছিল, প্রায় ২১ বছর পর তার সমাপ্তি ঘটতে যাচ্ছে। বিদায়ের আগে আর্জেন্টিনার হয়ে মেসির অর্জন ও রেকর্ডগুলোও তাই আলোচনায় উঠে এসেছে।
১ – বিশ্বকাপ জয়: ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই দলের অন্যতম প্রধান মুখ ছিলেন মেসি।
২ – দুটি কোপা আমেরিকা: মেসির নেতৃত্বে ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপেও দুইবার গোল্ডেন বল জিতেছেন তিনি। ২০১৪ ও ২০২২ সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
৩ – বিশ্বকাপের ফাইনাল: মেসির সময়ে আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ২০১৪ সালে জার্মানির কাছে হারলেও ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে দলটি। ২০২৬ সালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়।
৫ – এক ম্যাচে সর্বোচ্চ গোল: জাতীয় দলের হয়ে এক ম্যাচে মেসির সর্বোচ্চ গোল পাঁচটি। ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। এর মাধ্যমে আর্জেন্টিনার পুরুষ জাতীয় দলের হয়ে এক ম্যাচে পাঁচ গোল করা হুয়ান মারভেজ্জি ও হোসে মানুয়েল মোরেনোর পাশে বসেন মেসি।
৬ – বিশ্বকাপে অংশগ্রহণ: মেসি আর্জেন্টিনার হয়ে মোট ছয়টি বিশ্বকাপে খেলেছেন। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন তিনি। পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রয়েছেন মেসি।
১১ – আন্তর্জাতিক হ্যাটট্রিক: আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির হ্যাটট্রিক সংখ্যা ১১টি। ২০১২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। সর্বশেষ হ্যাটট্রিকটি আসে ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে।
১৮ – অভিষেকে জার্সি নম্বর: ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় মেসির জার্সি নম্বর ছিল ১৮।
২১ – বিশ্বকাপে গোল: বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১টি। এর মধ্যে ২০২২ সালে তিনি করেন সাতটি গোল। ২০২৬ বিশ্বকাপেও আটটি গোল করেছেন তিনি।
২৫ – পেনাল্টি থেকে গোল: জাতীয় দলের হয়ে মেসির ১২৫ গোলের মধ্যে ২৫টি এসেছে পেনাল্টি থেকে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডও তার। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করেছেন তিনি।
৪৭ – অভিষেকের স্থায়িত্ব: আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক অভিষেক স্থায়ী হয়েছিল মাত্র ৪৭ সেকেন্ড। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ভিলমোস ভানচাক মেসির জার্সি টেনে ধরলে তিনি হাত পেছনে ছুড়ে প্রতিক্রিয়া দেখান, যা ভানচাকের গায়ে লাগে। এর ফলে সরাসরি লাল কার্ড দেখেন মেসি।
১২৫ – আন্তর্জাতিক গোল: আর্জেন্টিনার হয়ে মেসির মোট আন্তর্জাতিক গোল ১২৫টি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয়। তার ওপরে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, যার গোল ১৪৬টি।
২০৮ – জাতীয় দলের ম্যাচ: মঙ্গলবার বেনিনের বিপক্ষে ম্যাচটি শেষ হলে আর্জেন্টিনার হয়ে মেসির মোট ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮টি। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার মুহূর্তে তার এসব রেকর্ডই আবারও স্মরণ করবে ফুটবল বিশ্ব।