আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন অর্থবছরের শুরু থেকেই এই বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে সর্বোত্তম উপায়ে বাস্তবায়নের কাজ চলছে।
তবে বাজেটের সীমাবদ্ধতার কারণে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। এজন্য ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী বাজেটে বেতন বৃদ্ধির একটি অংশ কার্যকর করা হবে। এরপর পরবর্তী দুই অর্থবছরে ধীরে ধীরে পুরো কাঠামো বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, প্রথম ধাপে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেতে পারেন। পরে দ্বিতীয় ধাপে বাকি ৫০ শতাংশ এবং তৃতীয় ধাপে অন্যান্য ভাতা ও সুবিধা সম্পূর্ণভাবে কার্যকর করা হবে।
সরকারি হিসাব অনুযায়ী, নতুন পে স্কেল বাস্তবায়নে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন হবে, যা ধাপে ধাপে বাজেট থেকে সমন্বয় করা হবে।
এদিকে সংশ্লিষ্ট কমিটি ইতোমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাজ করছে এবং আগামী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।