দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবল সংগঠক কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিতব্য সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন থাকলেও সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় তার পুনর্নির্বাচন এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায়।
সাফের প্রকাশিত প্রার্থী তালিকায় সভাপতি পদে কাজী সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। কংগ্রেসে অনুমোদনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সাফের গঠনতন্ত্রের ধারা ২৪.২ অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা যদি শূন্যপদের সংখ্যার বেশি না হয়, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে গণ্য হন।
২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সী কেউ নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারতেন না। তবে গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সদস্য দেশগুলোর সম্মতিতে সেই বয়সসীমা বাতিল করা হয়। ফলে তার পুনরায় নির্বাচনে আর কোনো বিধিনিষেধ থাকছে না।
এবারের কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকেও নতুন মুখ যুক্ত হচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।
অন্যদিকে, সাফের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। এছাড়া এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।
ভুটানে অনুষ্ঠিতব্য কংগ্রেসের মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আঞ্চলিক সংস্থার নেতৃত্বে আরও একটি মেয়াদে থাকছেন কাজী সালাহউদ্দিন।