জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। আইসিসির প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২০তম অবস্থানে উঠে এসেছেন তিনি।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী টি-টোয়েন্টি ব্যাটার তানজিদ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনি ৭০ গড়ে ১৪০ রান করেন। টানা দুই ম্যাচে ফিফটি হাঁকিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন এই বাঁহাতি ওপেনার।
একই সিরিজে দারুণ ব্যাটিংয়ের সুবাদে উন্নতি হয়েছে ওপেনার সাইফ হাসানেরও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে তিনি ৯ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন।
তবে ব্যাটারদের তালিকায় পিছিয়েছেন তাওহীদ হৃদয়। তিন ধাপ অবনমন হয়ে তিনি এখন ৩২তম অবস্থানে রয়েছেন।
বোলারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের অবস্থানের পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে ৬৯তম স্থানে উঠেছেন। অন্যদিকে অভিজ্ঞ দুই বোলার নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।