রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, স্বর্ণালংকার, যানবাহন ও অন্যান্য আলামতও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৮ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগ থেকে ৫১ জন, উত্তরা বিভাগ থেকে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ, একটি বাস, পাঁচটি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।