সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। দলটি এবারের বিপিএলে তাদের অফিসিয়াল জার্সি শহীদ হাদির প্রতি উৎসর্গ করার ঘোষণা দিয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ হাদির আত্মত্যাগ ও দেশের জন্য অবদানকে সম্মান জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজশাহী ওয়ারিয়র্সের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হবে না। বরং নির্ধারিত সময়ে দলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “এই জার্সি উৎসর্গ শহীদ শরিফ ওসমান হাদির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের পথচলায় চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এ বিষয়ে দলটির ফেসবুক পোস্টেও একই বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, শহীদ হাদির প্রতি সম্মান জানিয়ে জার্সি উন্মোচনের কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার কথা বিবেচনায় রেখে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে দলটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জার্সিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
বিপিএলের ইতিহাসে এমন উদ্যোগ বিরল বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী ওয়ারিয়র্সের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।