নিরাপত্তা শঙ্কার কারণে আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে সুযোগ পাওয়া বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান-কে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই সিদ্ধান্তের পরই ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে—যদি ভারত আইপিএলে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে কীভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা দেবে?
এই উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর কাছে চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্টভাবে জানানো হয়েছে—বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। ফলে ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের খেলা কোনোভাবেই সম্ভব নয়।
এরই মধ্যে আইসিসির ‘সিকিউরিটি টিম’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ভারতের মাটিতে খেললে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট তিনটি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
আইসিসির এই অবস্থানকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন,
‘আইসিসি সিকিউরিটি টিমের বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল সাজানো কিংবা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া—এমন অবাস্তব প্রত্যাশা গ্রহণযোগ্য নয়।’
সোমবার ক্রীড়া উপদেষ্টা আরও স্পষ্ট করে জানান, বর্তমান নিরাপত্তা বাস্তবতায় বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।