আগামী চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর দাবি উল্লেখ করে এতে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় এ অনুরোধ জানায় সংস্থাটি।
পেট্রোবাংলা জানায়, আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে।
সংস্থাটি আরও জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের মধ্যে একটি, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর ফলে বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে আগামী চারদিন ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।
পেট্রোবাংলার ভাষ্য অনুযায়ী, সরবরাহ কমলেও দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।