৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপি জুলাই মাসের ঘটনাপ্রবাহকে গভীরভাবে ধারণ করে। এ উপলক্ষে ইতোমধ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন জুলাইয়ের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে।
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করবে, তবে তা হতে হবে সভ্য ও দায়িত্বশীল ভাষায়।
তিনি আরও বলেন, নিয়মিত উসকানিমূলক বক্তব্য গণতন্ত্রের বিকাশ ও রাজনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। তাই সব রাজনৈতিক দলের উচিত সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দেওয়া এবং এমন আচরণ করা, যাতে মতপার্থক্য বা সমালোচনা কোনো ধরনের সংঘাতের দিকে না যায়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।