নরওয়ের বিপক্ষে ম্যাচে গোলের দেখা না পেলেও নতুন এক রেকর্ড গড়ে বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে উসমান দেম্বেলেকে দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপে সরাসরি গোল অবদানের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি।
এই দুই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল অবদান দাঁড়িয়েছে ২০টিতে। এর মধ্যে রয়েছে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সরাসরি গোল অবদানকারী ফুটবলারদের তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
এ তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত তার মোট গোল অবদান ২৭টি, যার মধ্যে ১৮টি গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে।
অন্যদিকে, ১৯টি করে গোল অবদান নিয়ে যৌথভাবে পরের অবস্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, জার্মানির গার্ড মুলার, ব্রাজিলের রোনালদো নাজারিও এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজে।
শুধু রেকর্ড নয়, চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও শক্ত অবস্থানে আছেন এমবাপ্পে। এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৪টি, যা তাকে লিওনেল মেসির (৫ গোল) ঠিক পেছনে রেখেছে। একই সংখ্যক চার গোল নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নরওয়ের এরলিং হালান্ডও, যদিও সর্বশেষ ম্যাচে তিনি বেঞ্চেই ছিলেন।
টুর্নামেন্টে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় গোল্ডেন বুটের লড়াই এবং বিশ্বকাপের আরও নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে এমবাপ্পে ও মেসির সামনে। ফলে বিশ্ব ফুটবলের দুই তারকার এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত আরও জমে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।