ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেয়।
এই সিদ্ধান্তে বাংলাদেশের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপে খেলতে না পারা বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য বিশাল ক্ষতি।
হরভজন সিং বলেন,
‘শেষ পর্যন্ত ক্ষতিটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটের। বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করা তাদের খেলোয়াড়দের জন্য বড় ধাক্কা।’
বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। এমনকি আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে একমাত্র পাকিস্তানই ভোট দিয়েছে।
তবে পাকিস্তানের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন হরভজন। তিনি বলেন,
‘পাকিস্তান ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। তারা এমনিতেই শ্রীলংকায় খেলছে, তাই এই বিষয়টি তাদের জন্য প্রাসঙ্গিক ছিল না। যেখানে প্রয়োজন নেই, সেখানে হস্তক্ষেপ করার মানে কী?’