নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পরিবারকে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় গিয়ে তারা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। শিশুটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।
এ ঘটনায় জড়িত অপর আসামি সোহেলকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মূল অভিযুক্ত হিরুকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিশুটির চিকিৎসা ও পুনর্বাসনে জেলা প্রশাসন পাশে থাকবে বলেও তিনি জানান।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কোনো আসামিকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত চার্জশিট দাখিলের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।