রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বক্তব্য নেওয়াসহ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও তিনি জানান।
গত ৩১ মে (রোববার) মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে জানা যায়, মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় তা পচে গিয়েছিল এবং পোকায় আক্রান্ত ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসাটি ছিল নোংরা ও অগোছালো অবস্থায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশকে জানানো হয়। পল্লবী থানার ওসি জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। তার এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করেন।
ঘটনাটিকে কেন্দ্র করে সন্তানদের অবহেলার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে।