ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। বহুল প্রতীক্ষিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও।
বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। সেখানে তিনি জানান, ‘দাদা’ হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছে। জানা গেছে, সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দাদা- দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’।
সিনেমাটি প্রযোজনা করছেন লভ রঞ্জন এবং পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে।
এই চরিত্রে অভিনয়ের জন্য রাজকুমার রাওকে শারীরিকভাবে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আগের একটি সিনেমার জন্য তাকে বেশ কিছু ওজন বাড়াতে হয়েছিল। এখন সেই অতিরিক্ত ওজন কমিয়ে নতুন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।
তিনি জানান, আগের চরিত্রের জন্য তাকে সাধারণ রূপে পর্দায় হাজির হতে হয়েছে এবং এখন সম্পূর্ণ ভিন্ন প্রস্তুতি নিতে হচ্ছে।
সৌরভ গাঙ্গুলীর মতো একজন কিংবদন্তিকে পর্দায় তুলে ধরা যেমন গর্বের, তেমনি বড় চ্যালেঞ্জও। বিশেষ করে তার ব্যাটিং ভঙ্গি ও মাঠের আচরণ নিখুঁতভাবে উপস্থাপন করাই এখন অভিনেতার মূল লক্ষ্য।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পেতে পারে।