বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ফোর’-এ অভিনয় নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে ‘ধুম’ সিরিজের কোনো প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত নন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেন রণবীর কাপুর। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘রামায়ণ’ ছবির পরিচালক নিতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, বর্তমানে তার পুরো মনোযোগ নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজেই কেন্দ্রীভূত।
‘ধুম ফোর’-এ অভিনয়ের খবরকে গুঞ্জন উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে ওই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই।
অন্যদিকে, ‘অ্যানিমেল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও কমিক-কনের অনুষ্ঠানে এ বিষয়ে নতুন কোনো তথ্য দেননি রণবীর।
তবে নিজের নতুন প্রকল্প নিয়ে সুখবর দিয়েছেন এই অভিনেতা। তিনি জানান, আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এদিকে রণবীর অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ আগামী নভেম্বর মুক্তির কথা রয়েছে। ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অভিনেত্রী সাই পল্লবী ও দক্ষিণী তারকা যশ।