বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন ব্যবসায়ীরা। সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো পর্যালোচনায় শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। আসন্ন সফরে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাত পরিদর্শন করবেন এবং কোথায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তা মূল্যায়ন করবেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন বিশেষ দূত জানান, সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরি শিথিল করা হয়েছে। এর ফলে পর্যটক ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরে আরও উৎসাহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সার্জিও গর আরও বলেন, আগামী সপ্তাহেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল সফরে আসবে। ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবে তারা। তার মতে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথভাবে অর্থনীতি, শিল্প ও বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করে নতুন উচ্চতায় নিয়ে যেতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরদিন কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর শনিবার সকালে সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।