সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা তুলনামূলক স্বস্তিদায়ক হবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী একাধিক উদ্যোগ নিয়েছে।
শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে কোটি কোটি মানুষের ও কোরবানির পশুর পরিবহন একটি বড় চ্যালেঞ্জ। তবে অবকাঠামো উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব।
তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি অন্যান্য মহাসড়কের উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, যার প্রধান কারণ চালকদের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন এবং অসচেতনতা। এসব সমস্যা কমাতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে এক সংসদ সদস্য সড়ক দুর্ঘটনার প্রকৃত পরিসংখ্যান ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন, যা অনুষ্ঠানে নতুন আলোচনার জন্ম দেয়।