দেশজুড়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানীসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এসব এলাকায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠছে, ফলে বাইরে বের হলেই বাড়ছে ভোগান্তি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় বর্তমানে তাপপ্রবাহ চলছে। গরমের তীব্রতায় শ্রমজীবী মানুষ, পথচারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।
এদিকে ঈদুল আজহার আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও আবহাওয়ায় বড় ধরনের স্বস্তির আভাস নেই। আবহাওয়াবিদদের মতে, ঈদের সময়ও দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহও থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঈদের দিনে রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে। তবে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও ভারি বর্ষণও হতে পারে। তবে ২৬ মে থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।