বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে আবারও তুঙ্গে উঠেছে আলোচনা। ছবির অন্যতম অভিনেতা আমির খান নিজেই জানিয়েছেন, জনপ্রিয় এই সিনেমার পরবর্তী কিস্তির কাজ এগিয়ে চলছে।
নতুন তথ্য অনুযায়ী, সিক্যুয়েলের গল্পে এবার আনা হচ্ছে বড় পরিবর্তন। আগের তিন বন্ধুর পাশাপাশি যুক্ত হতে পারে নতুন একটি চরিত্র, যাকে ঘিরে আলোচনায় উঠে এসেছে ভিকি কৌশলের নাম। শোনা যাচ্ছে, এই চরিত্রে অভিনয়ের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং পরিচালক রাজকুমার হিরানি ও আমির খানের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। প্রাথমিকভাবে তিনি সম্মতিও জানিয়েছেন, তবে সবার সময়সূচি মিলিয়ে নেওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ।
গল্পের কাঠামো অনুযায়ী প্রায় দশ বছর পরের সময়কে কেন্দ্র করে নতুন কাহিনি এগিয়ে যাবে। সেই কারণেই নতুন চরিত্র যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, ভিকি তার বর্তমান কাজ শেষ করেই এই ছবির শুটিংয়ে যুক্ত হবেন।
আমির খান এক সাক্ষাৎকারে বলেন, তিনি সিক্যুয়েলের গল্প শুনেছেন এবং তা তার কাছে খুবই অসাধারণ লেগেছে। তার মতে, গল্পটি আগের মতোই হাস্যরস ও আবেগে ভরপুর, তবে নতুনত্বও থাকবে। যদিও চিত্রনাট্যের কিছু কাজ এখনো বাকি রয়েছে, তবুও নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে।
এছাড়া আগের সিনেমার পরিচিত চরিত্রগুলোও আবার দেখা যাবে বলে জানা গেছে। আমির খান নিজেও আবার ফুংসুখ ওয়াংডু চরিত্রে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।
অন্যদিকে, ভিকি কৌশলকে শেষবার দেখা গেছে ‘ছাবা’ সিনেমায়। বর্তমানে তিনি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে ব্যস্ত, যেখানে তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।