সন্তানের সাফল্য ও প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবার ‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন তিন জনপ্রিয় তারকার মা। তারা হলেন সংগীতশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু, অভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন।
আগামী ১০ মে বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে।
জানা গেছে, গত এক যুগ ধরে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত সন্তানদের মায়েদের সম্মান জানিয়ে আসছে এই আয়োজন। প্রশাসন, আইন, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনে অবদান রাখা সন্তানদের মায়েদের এ স্বীকৃতি দেওয়া হয়।
এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।
এ বছর মোট ১০ জন সফল সন্তানের মাকে ১৩তম ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
নিজের মায়ের সম্মাননা পাওয়া প্রসঙ্গে কোনাল বলেন, শিল্পী হিসেবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন, তবে মায়ের এই স্বীকৃতি তার জন্য সবচেয়ে আনন্দের। একই অনুভূতি প্রকাশ করে পলাশ বলেন, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা, তাই এই সম্মাননা তার জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
আয়োজক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মায়েদের নির্বাচন করা হয়। তিনি বলেন, যতদিন সম্ভব, বিশ্ব মা দিবসে প্রতিবছর এই সম্মাননা প্রদান অব্যাহত থাকবে।