বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। ‘সিমরান’ বা ‘অঞ্জলি’ চরিত্রের মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তবে ক্যারিয়ারের শুরু থেকেই একটি বিষয়ে তিনি আপসহীন ছিলেন— পর্দায় চুম্বন দৃশ্য না করা।
সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে আলোচনায় এসেছেন তিনি। ‘দ্য ট্রায়াল: লাভ, কানুন, ধোঁকা’ নামের একটি ধারাবাহিকে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন কাজল, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই ধারাবাহিকটি একটি আদালতভিত্তিক গল্প, যেখানে একজন নারী তার স্বামীর কেলেঙ্কারির পর নতুন করে নিজের পেশাগত জীবন শুরু করার সংগ্রাম তুলে ধরা হয়েছে। কাজল এতে ‘নয়নিকা সেনগুপ্ত’ চরিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, ওই দৃশ্যটি তিনি কেবল চরিত্রের প্রয়োজনে করেছেন। তার ভাষায়, এটি শুধু একটি দৃশ্য নয়, বরং চরিত্রটির মানসিক দ্বন্দ্ব, বিশ্বাস ও সম্পর্কের জটিলতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, চিত্রনাট্যের জন্য দৃশ্যটি এতটাই জরুরি ছিল যে তা বাদ দিলে চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক অসম্পূর্ণ থেকে যেত। তবে শুটিংয়ের আগে কিছুটা অস্বস্তি কাজ করলেও পরে সব স্বাভাবিক হয়ে যায়।
অভিনেত্রীর মতে, এটি ছিল পুরোপুরি একটি পেশাগত সিদ্ধান্ত, যেখানে চরিত্রের গভীরতা তুলে ধরাই ছিল প্রধান লক্ষ্য।