নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া Red Lotus Asian Film Festival Vienna 2026-এ সিনেমাটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। চার দিনব্যাপী এই উৎসব চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ২৫ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী Stadtkino Theater Vienna-এ ‘দেলুপি’ প্রদর্শিত হবে।
এর আগে চলতি বছর নেদারল্যান্ডসের International Film Festival Rotterdam-এর ৫৫তম আসরে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় চলচ্চিত্রটি। ফলে ইউরোপে এটি সিনেমাটির দ্বিতীয় বড় উৎসবে অংশগ্রহণ।
পরিচালক তাওকীর ইসলাম বলেন, নেদারল্যান্ডসে ইতিবাচক সাড়া পাওয়ার পর ভিয়েনায় অংশগ্রহণ পুরো টিমের জন্য বড় অর্জন। এটি শুধু তাদের নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও গর্বের বিষয়।
‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার আঞ্চলিক প্রেক্ষাপটে, যেখানে মানুষের জীবনসংগ্রাম ও মাটির সঙ্গে গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় এবং জাকির হোসেনসহ আরও অনেকে।
Footprint Film Production প্রযোজিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনায় মুক্তি পায় এবং পরে ঢাকার দর্শকদের মাঝেও জনপ্রিয়তা অর্জন করে। ‘দেলুপি’-এর মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছিলেন।