ভোলায় আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বিবি সাওদা (৩৭), ওরফে সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সৌরভ রায় মিঠু এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের একটি বাসা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে মামলাটিতে দীর্ঘ প্রায় এক ঘণ্টা শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন বলে জানান তিনি। এর আগে সোমবার (৬ এপ্রিল) করা জামিন আবেদন নাকচ হয়েছিল।
এদিকে, মধ্যরাতে একজন নারী রাজনৈতিক কর্মীকে আটকের ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী-র পক্ষ থেকে এ ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে সোমবার সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নেতাকর্মীরা আটককৃত কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
দলটির নেতারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই একজন নারী কর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি কাজী হারুন অর রশিদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাকে ছাড়ানো সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে ‘ঊর্ধ্বতন নির্দেশে’ আটকের কথা জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার এবং সরকারবিরোধী মত প্রকাশের কারণে কাউকে গ্রেফতার করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।