দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা Lee Sang-bo আর নেই। গেয়ংগি প্রদেশের পিয়ংতায়ক শহরের নিজ বাসভবন থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে পরিবারের এক সদস্য তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে প্রাথমিক তদন্তে জানায়, তার শরীরে কোনো আঘাত বা সন্দেহজনক চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে।
অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পরিবারের অনুরোধে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না। একই সঙ্গে তারা সবাইকে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার আহ্বান জানিয়েছে।
রোববার সকালে পিয়ংতায়ক শহরের একটি শোকসভা কেন্দ্রে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
২০২২ সালে একটি আলোচিত ঘটনায় জনসমক্ষে অস্বাভাবিক আচরণের কারণে তাকে মাদক গ্রহণের অভিযোগে আটক করা হয়েছিল। তবে পরে পরীক্ষায় তার শরীরে কোনো অবৈধ পদার্থের অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে জানা যায়, চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ গ্রহণের কারণে তার আচরণে পরিবর্তন এসেছিল। পরে সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
১৯৮১ সালে জন্ম নেওয়া এই অভিনেতা ২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান চই জং সু’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। ২০২১ সালের ‘মিস মন্টে-ক্রিস্টো’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি ‘প্রাইভেট লাইভস’ ও ‘দ্য এলিগ্যান্ট এম্পায়ার’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।