বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির অভিনয়জীবনে যেন একের পর এক সাফল্য ধরা দিচ্ছে। ২০২৫ সালে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাওয়ার পর তার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই অভিনেতা—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে, আন্তর্জাতিক থ্রিলার ঘরানার সিনেমা ‘হোয়াইট’-এ বিক্রান্ত ম্যাসির সঙ্গে যুক্ত হতে পারেন বিশ্বখ্যাত অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। শুধু অভিনয় নয়, এই সিনেমার একটি বিশেষ গানে কণ্ঠ দিতে পারেন জেনিফার—এমন খবরই ঘুরছে নেটিজেনদের মাঝে।
সূত্র মতে, ‘হোয়াইট’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ গান জেনিফার লোপেজের কণ্ঠে শোনা যেতে পারে, যা সিনেমাটির ‘অ্যান্থেম’ হিসেবে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। গানটি ইংরেজি ও স্প্যানিশ—এই দুই ভাষায় তৈরি হওয়ার কথা রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে বিক্রান্ত ম্যাসির সিনেমায় যুক্ত হবে এক ভিন্ন মাত্রা এবং এটি তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হয়ে উঠবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। জেনিফার লোপেজের যুক্ত হওয়ার সম্ভাবনার খবরে সিনেপ্রেমী ও বিক্রান্ত অনুরাগীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস দেখা গেছে। একই সঙ্গে জেনিফারের ভারতীয় ভক্তদের মধ্যেও সৃষ্টি হয়েছে বাড়তি উত্তেজনা। তবে এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানের থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এর শুটিং অনেক আগেই শুরু হয়েছে এবং ইতোমধ্যে এর প্রায় ৯০ শতাংশ শুটিং দক্ষিণ আমেরিকায় সম্পন্ন হয়েছে। সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হলেও, এটি আরও ২১টি ভাষায় ডাবিং করার পরিকল্পনা রয়েছে মার্কিন নির্মাতাদের।