বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতা ও দায়িত্বশীলতার সঙ্গেই কাজ করছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় কিছু সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তার ভাষায়, “তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত অর্থনীতিকে একটি সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছিলেন।” এ কারণেই প্রতি বছর তাকে স্মরণ করা হয় এবং তার দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি বলেন, “এখন নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে গড়ে তোলা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছি আমরা।” এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকা নতুন কিছু নয়। “আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করতে দেখেছি। আমাদের যেসব সমস্যা মনে হয়েছে, সেগুলো আমরা গতকাল তুলে ধরেছি,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আসন্ন নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।