নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া লুৎফুজ্জামান বাবর-এর স্ত্রী তাহমিনা জামান তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনার পক্ষে তার সমর্থনকারী মির্জা মুকুল আনুষ্ঠানিকভাবে এ আবেদন জমা দেন।
নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন।
চলতি নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। অন্য দুই নারী প্রার্থী হলেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিল হলেও আপিলের মাধ্যমে দুজনই প্রার্থিতা ফিরে পান।
এদিকে, বিএনপি থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়া ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমানও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।