বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক-নির্মাতা নীনা গুপ্ত বরাবরই স্পষ্টভাষী ও অকপট। সামাজিক রীতিনীতি কিংবা লোকলজ্জার তোয়াক্কা না করে নিজের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এমনই একটি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
নীনা গুপ্ত বলেন, শক্তিশালী মতামত ও নিজস্ব চিন্তাভাবনা রয়েছে—এমন নারীদের অধিকাংশ পুরুষ পছন্দ করেন না। তার মতে, পুরুষেরা সাধারণত অসহায় ও নির্ভরশীল নারীদের দিকেই বেশি আকৃষ্ট হন। যারা নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারেন কিংবা কর্মজীবনকে অগ্রাধিকার দেন—এমন নারীদের বিয়ের উপযুক্ত মনে করা হয় না।
অভিনেত্রী আরও বলেন, “যেসব নারীর নিজস্ব মতামত আছে, তাদের অধিকাংশ পুরুষই সহ্য করতে পারেন না। শুধু সমাজেই নয়, আমি এটা আমার পরিবারেও দেখেছি।” তার দাবি, প্রায় ৯৫ শতাংশ পুরুষই এমন মানসিকতা পোষণ করেন, যদিও ব্যতিক্রমও রয়েছে।
নিজের জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নীনা গুপ্ত। তিনি জানান, একসময় তার বিয়ের রেজিস্ট্রিও সম্পন্ন হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে যায়। তবু জীবন নিয়ে হতাশ না হয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য, বিয়ের আগেই সন্তানের জন্ম দেওয়া, একক মা হিসেবে জীবনযাপনসহ বহু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নীনা গুপ্ত। সামাজিক সমালোচনা তাকে কখনোই দমাতে পারেনি। তার এই মন্তব্য নারীবাদ, সম্পর্ক ও সমাজে পুরুষদের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।