জীবনে সম্পদের চেয়ে শান্তি, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের গুরুত্ব অনেক বেশি—এই মানবিক বার্তাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’। নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন-এর রচনায় এবং এস আর মজুমদার-এর পরিচালনায় নির্মিত নাটকটি মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘কোটিপতি’। ফলে এটি বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম সময়ে কোটি ভিউ অর্জনকারী নাটকগুলোর একটি হিসেবে রেকর্ড গড়েছে। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি নাটকটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল CMV-তে মুক্তি পায়।
নাটকটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়াও অত্যন্ত ইতিবাচক। ইউটিউবের মন্তব্য ঘর ও বিভিন্ন নাটকভিত্তিক গ্রুপে দর্শকরা পরিচালক ও অভিনয়শিল্পীদের প্রশংসায় ভাসাচ্ছেন। একজন দর্শক মন্তব্য করেন, ‘এই নাটক থেকে আমার দেশের কোটিপতিদের অনেক কিছু শেখার আছে।’ আরেকজন লেখেন, ‘বর্তমান সময়ে এই নাটকটি খুবই জরুরি ছিল। অসাধারণ একটি কাজ।’
নাটকটির সাফল্য প্রসঙ্গে পরিচালক এস আর মজুমদার বলেন,
“আমি দর্শকদের জন্যই কাজ করি। দর্শক যখন কোনো নাটক দেখে প্রশংসা করেন, তখন সেটা শুধু উৎসাহই নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। সেই দায়িত্ব থেকেই আমি চেষ্টা করি প্রতিটি কাজে সমাজের জন্য কোনো না কোনো বার্তা তুলে ধরতে।”
দর্শকদের এই ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, জোভান ও কেয়া পায়েলের সঙ্গে এটি পরিচালক এস আর মজুমদারের চতুর্থ কাজ। নাটকটির সাফল্যের পেছনে তিনি প্রযোজক এস কে শাহেদ, সিএমভি টিম এবং নাট্যকার মেজবাহ উদ্দিন সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি নাটক নির্মাণ করেছেন এস আর মজুমদার। ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ইচ্ছার কথাও জানান তিনি। পরিচালক বলেন,
“আমি এখনো শেখার মধ্যেই আছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই সিনেমা নির্মাণের প্রক্রিয়ায় যুক্ত হব। যেহেতু আমি গণমানুষের জন্য কাজ করতে চাই, তাই আমার প্রথম সিনেমার বিষয়ও এমন হবে, যা সাধারণ মানুষ ও বিশেষ করে এই প্রজন্মকে ছুঁয়ে যাবে।”