দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় অভিনয় জীবনকে বিদায় জানিয়ে রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন আগেই। তার অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পাচ্ছে আগামী বছরের ৯ জানুয়ারি। ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিল–এ সিনেমাটির গান প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হন বিজয়। সেখানে তাকে একনজর দেখতে প্রায় ৯০ হাজার ভক্তের সমাগম ঘটে, যা রীতিমতো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, শ্রীলঙ্কার পর মালয়েশিয়ায় বিশ্বের অন্যতম বৃহৎ তামিল জনগোষ্ঠীর বসবাস। মালয়েশিয়ায় বহু তামিল সিনেমার শুটিং হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার বন্ধু অজিত কুমার অভিনীত ‘বিলা’ সিনেমার শুটিংও এখানে হয়েছিল। পাশাপাশি নিজের ‘কাভালান’ ও ‘কুরুবি’ সিনেমার শুটিংয়ের স্মৃতিও তুলে ধরেন তিনি।
অভিনয়কে বিদায়, রাজনীতিতে নতুন যাত্রা
প্রায় এক বছর আগে বিজয়
তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এরপর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দেন তিনি। সেই ধারাবাহিকতায় ‘জন নায়াগান’–এর পর অভিনয় থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন এই তারকা।
ভক্তদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে বিজয় বলেন, “মানুষ আমার জন্য সিনেমা হলে দাঁড়ায়। সেই কারণেই আগামী ৩০ থেকে ৩৩ বছর আমি তাদের জন্য দাঁড়াতে প্রস্তুত। বিজয়–ভক্তদের জন্যই আমি সিনেমা থেকে সরে যাচ্ছি।”
অভিনয়ের শুরু থেকে ভক্তদের নিরন্তর সমর্থনের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি যখন সিনেমায় এসেছিলাম, তখন একটি ছোট বালুর ঘর বানানোর স্বপ্ন ছিল। আপনারা আমাকে একটি প্রাসাদ উপহার দিয়েছেন। ৩৩ বছর ধরে আপনারা আমার পাশে ছিলেন—এ ঋণ আমি শোধ করব।”
জীবন দর্শন প্রসঙ্গে বিজয় বলেন, “জীবনে সফল হতে সব সময় বন্ধু প্রয়োজন না হলেও একজন শক্ত প্রতিদ্বন্দ্বী দরকার। প্রতিদ্বন্দ্বীই মানুষকে আরও শক্তিশালী করে তোলে।”
ভক্তদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, “ছোট একটি ভালো কাজ ভবিষ্যতে বড় সাহায্য হয়ে ফিরে আসে। কাউকে কষ্ট দেবেন না, কাউকে আঘাত করবেন না।”