এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সবকিছু বিবেচনা করে রোজার পরই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সব বিষয় বিবেচনা করেই রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।
তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে। এ খাতে কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো সরকারের জানা আছে। বিশেষ করে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে দেশটির বিভিন্ন সফলতা রয়েছে। চীনের সেই অভিজ্ঞতা কীভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধি দল সফর করেছে।
তিনি আরও জানান, শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে অনেক চীনা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহের লক্ষ্যেই শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার সুযোগ বাড়ানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে।