৪৭ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ প্রভিডেন্সে সেন্ট লুসিয়ার বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের নজির গড়েছেন তিনি।
সেন্ট লুসিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন তাহির। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। আর এই সংস্করণে তাহিরের এটি ষষ্ঠ পাঁচ উইকেটের শিকার।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন তাহির। তার ওপরে আছেন নামিবিয়ার ডেভিড ভিসা, যিনি এই সংস্করণে সাতবার পাঁচ উইকেট নিয়েছেন। পাঁচবার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছেন শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খান।
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও উইকেটের সংখ্যায় নিজের অবস্থান আরও শক্ত করছেন তাহির। এখন পর্যন্ত তার টি-টোয়েন্টি উইকেটসংখ্যা ৫৮৯। এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তার অবস্থান চতুর্থ।
তাহিরের চেয়ে বেশি টি-টোয়েন্টি উইকেট রয়েছে রশিদ খানের ৭৩৬টি, সুনীল নারাইনের ৬৫৭টি এবং ডোয়াইন ব্রাভোর ৬৩১টি।
তাহিরের ৫৮৯ উইকেটের মধ্যে সবচেয়ে বেশি এসেছে সিপিএলে। এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত তার উইকেটসংখ্যা ১৪২। চলতি মৌসুমেও নিয়েছেন ১২টি উইকেট।
শুধু বোলিংয়েই নয়, ৪৭ বছর বয়সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে নেতৃত্বও দিচ্ছেন তাহির। অথচ দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সর্বশেষ দেখা গেছে সাত বছরেরও বেশি আগে।
দক্ষিণ আফ্রিকার হয়ে তাহির ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বয়সকে যেন কেবল একটি সংখ্যা প্রমাণ করে এখনও মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই তারকা স্পিনার। আর নিজের পারফরম্যান্স ধরে রাখার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তিনি তার ছেলের কথা উল্লেখ করেছেন।