গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধও বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছিল। এর নেতিবাচক প্রভাব এখনো সমাজের বিভিন্ন পর্যায়ে রয়েছে। তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারি কর্মকর্তাদের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই তাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন ধারণ করে সরকারি কর্মকর্তারা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী হবে।
সভায় পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। নদী দূষণ বন্ধ, শিল্পবর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকেও সমান গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।