হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি আরব সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
গতবার একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুইজন হাজি সময়মতো হজে যেতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
হাজিদের সেবার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, গতবার সরকার বিনামূল্যে ১ লাখ পানির বোতল সরবরাহ করেছে। পাশাপাশি লাগেজ র্যাপিংয়ের জন্য হাজিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। পুরো কার্যক্রম সরকারের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।
হজ গাইডদের সেবার মান আরও বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজ করলে ভবিষ্যতে হজ গাইডদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে আজকের চেয়েও বড় পরিসরে তাদের পুরস্কৃত করা হবে।
এবার শ্রেষ্ঠ হজ গাইডদের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে।
সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে মন্ত্রণালয়।