ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেউ কেউ অপতথ্য ও গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি।
অনুষ্ঠানে ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানীর অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে সম্মানী দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।
তিনি বলেন, সমাজবিরোধী অপশক্তি যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান।