মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেছে হাইকমিশন।
শনিবার হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পরামর্শে বলা হয়েছে, প্রবাসীদের কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়ে হাইকমিশন জানিয়েছে, চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।
অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
হাইকমিশনের নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও কিংবা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করার জন্য বলা হয়েছে। পাশাপাশি গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ইসরাইল-ফিলিস্তিন, ইরান-ইসরাইলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যা স্থানীয় আইন লঙ্ঘনের কারণ হতে পারে। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নিতেও সতর্ক করা হয়েছে।
এ ছাড়া যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ কিংবা প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়ার পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন এবং সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সবশেষে কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের মতে, এসব নির্দেশনা মেনে চললে প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়ার আইন ও সামাজিক পরিবেশের প্রতিও যথাযথ সম্মান বজায় রাখা সম্ভব হবে।