নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আজ শনিবার (১ আগস্ট) থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এ নির্দেশনা অনুযায়ী, জিপিএস ছাড়া কোনো গণপরিবহন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ পাবে না।
সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রেশন প্রদান কিংবা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি জিপিএস সংক্রান্ত মোবাইল অ্যাপও বিআরটিএ কর্মকর্তাদের সামনে প্রদর্শন করতে হবে।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি নির্দেশনা স্থানীয় বিআরটিএ কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
সংস্থাটি আরও জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে।
আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।