বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও আলোচনায়। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রীকে সম্প্রতি আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন একটি বিজ্ঞাপনে বেবি বাম্পসহ দেখা গেছে। বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি।
স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন দীপিকা। এমন সময় প্রকাশিত নতুন বিজ্ঞাপনে তার উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়েছে। নীল রঙের স্টাইলিশ প্যান্টস্যুটে বিলাসবহুল হোটেলের বিভিন্ন স্থানে প্রাণবন্তভাবে হাঁটা, নাচ ও সময় উপভোগ করতে দেখা যায় তাকে। ভিডিওতে তার বেবি বাম্প স্পষ্টভাবে ফুটে ওঠায় এটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।
জানা গেছে, বিজ্ঞাপনটির শুটিং অন্তঃসত্ত্বা অবস্থাতেই সম্পন্ন করেছিলেন দীপিকা। ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই লাখো দর্শকের নজর কাড়ে এবং কমেন্টে ভরে যায় প্রশংসার বার্তায়।
একজন ভক্ত মন্তব্য করেন, “স্টাইলিশ মা আর সুন্দর বেবি বাম্প।” আরেকজন লেখেন, “দীপিকার প্রেগন্যান্সি গ্লো সত্যিই দারুণ।” অন্য একজনের ভাষ্য, “বেবি বাম্পে দীপিকাকে অসাধারণ লাগছে।”
এর আগে গত এপ্রিল মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সামাজিক মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর ভাগ করে নেন। একটি পোস্টে তাদের মেয়ে দুয়ার হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিটের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছিলেন এই তারকা দম্পতি।
মা হওয়ার পর কর্মঘণ্টা কমিয়ে প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার দাবি জানিয়ে এর আগেও আলোচনায় এসেছিলেন দীপিকা। পরিবার ও পেশাজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। তবে এই শর্তের কারণে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যেতে হয় তাকে। যদিও তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বলিউডের অনেক তারকা।
ক্যারিয়ারের ব্যস্ততাও থেমে নেই দীপিকার। সামনে তাকে দেখা যাবে ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ ও রাঘব জুয়াল। এছাড়া পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতেও অভিনয় করছেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ের সময় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের সূচনা হয়। পরে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে কঙ্কনি ও সিন্ধি—দুই রীতিতেই বিয়ে করেন তারা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।