দীর্ঘদিন ধরে ক্যামেরার আড়ালে রয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। এমনকি সাম্প্রতিক সময়ে গণমাধ্যমেও খুব একটা দেখা যায়নি তাকে। রোজার ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারণাতেও অংশ নেননি তিনি। যদিও ছবিটিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই বুবলীকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্প্রতি তিনি এক কন্যাসন্তানের মা হয়েছেন বলে জানা গেছে। সন্তানের বাবা হিসেবে অভিনেতা শাকিব খানের নামও আলোচনায় এসেছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
ব্যক্তিগত জীবনের এ অধ্যায়ের পর বুবলী কবে আবার অভিনয়ে ফিরবেন—এ নিয়ে ভক্তদের কৌতূহল ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো নিজে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি। মা হওয়ার পর থেকে গণমাধ্যম থেকেও দূরেই রয়েছেন বুবলী।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, শবনম বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসে তিনি শুটিংয়ে অংশ নিতে পারেন।
সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এর আগে কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘পিনিক’ সিনেমায়ও এই জুটিকে দেখা গেছে। তবে ছবিটি প্রত্যাশিত দর্শক সাড়া পায়নি।
পরিচালক জাহিদ হোসেন জানান, ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। গল্পের মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও এক সুন্নি তরুণীর সম্পর্ক। চলচ্চিত্রটিতে বাংলা ভাষার পাশাপাশি উর্দুতেও সংলাপ থাকবে।
তিনি আরও বলেন, বুবলী বর্তমানে সন্তান এবং নিজের শারীরিক পরিচর্যায় সময় দিচ্ছেন। তাই তাকে ছাড়াই সিনেমার অন্যান্য অংশের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।