জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়লেও তার ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।
রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্না সেতু জানান, মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টে ব্যাপক হারে রিপোর্ট করা হয়েছিল। এর ফলে মেটার পক্ষ থেকে অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, যে পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল, সেটি শাওন নিজে মুছে দেননি। বিষয়টি অভিনেত্রী ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন তামান্না সেতু।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি কেন অদৃশ্য হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফলে অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মেহের আফরোজ শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান এবং আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।