দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
রোববার (৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৩২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৯২৫ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি, রোগ শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে।