তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশেষ ফিল্ম মেকিং মাস্টারক্লাস আয়োজন করতে যাচ্ছে মোশন স্কিল অ্যাকাডেমি। এই মাস্টারক্লাস পরিচালনা করবেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, লেখক ও প্রযোজক শিহাব শাহীন।
আগামী ৪ জুলাই ২০২৬, বিকেল ৪টায় রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হবে এ বিশেষ আয়োজন। এতে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপ সম্পর্কে হাতে-কলমে ধারণা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
মাস্টারক্লাসে প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি সফল চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন কৌশল, গল্প বলার শিল্প (স্টোরিটেলিং) এবং ইন্ডাস্ট্রির বাস্তব কর্মপদ্ধতি নিয়ে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরবেন শিহাব শাহীন।
আয়োজনে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বও থাকবে। এতে অংশগ্রহণকারীরা সরাসরি শিহাব শাহীনের কাছে চলচ্চিত্র নির্মাণ, পরিচালনা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।
মোশন স্কিল অ্যাকাডেমি জানিয়েছে, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণদের আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা এবং দক্ষ সৃজনশীল জনশক্তি তৈরি করা।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাস্টারক্লাসে আসনসংখ্যা সীমিত। সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে এই বিশেষ সেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।