• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, নিয়োগ পাবে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ জাতীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার ১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, থাকছে তৃতীয় ভাষা শিক্ষা রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে সরকারের ব্যাপক প্রস্তুতি, দেশব্যাপী কর্মসূচির নির্দেশনা

নিউজ ডেস্ক / ২৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

এ বছর রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষে গত ৩ মে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছে পাঠানো হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসকে জাতীয়ভাবে মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত সমন্বিত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং উপজেলা প্রশাসনসহ প্রায় সব সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

দিবসটির তাৎপর্য জনগণের কাছে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরকে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রকাশনার আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে।

মাঠ প্রশাসনের অংশ হিসেবে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছেও নির্দেশনা পাঠানো হয়েছে। ফলে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও পৃথক কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, ধর্ম, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, প্রবাসী কল্যাণ, পরিবেশ, বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে দিবসটির কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকেও অংশগ্রহণের জন্য অবহিত করা হয়েছে।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি, গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান এবং গণসচেতনতামূলক কার্যক্রম আয়োজনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য জনগণের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd