ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস–এর কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষে জায়গা করে নিতে যাচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য উচ্চকক্ষ (সিনেট)-এ এনসিপির কোটা অনুযায়ী অন্তত তিনটি আসন পাওয়ার কথা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই তিনটি আসনের সম্ভাব্য তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১ শতাংশ। এই অনুপাতে উচ্চকক্ষে তিনটি আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম প্রায় চূড়ান্ত। তবে তিনি যদি আগামী ঢাকা সিটি করপোরেশন মেয়র নির্বাচনে অংশ নেন, সে ক্ষেত্রে উচ্চকক্ষের আসন গ্রহণ নাও করতে পারেন।
ঢাকা-৮ আসনের ফলাফলে দেখা যায়, ১০৮টি কেন্দ্রে সরাসরি ভোটগ্রহণে বিএনপির মির্জা আব্বাস পান ৫৬,৫৫২ ভোট এবং পোস্টাল ভোটে আরও ২,৮১৪ ভোট—মোট ৫৯,৩৬৬। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি ভোটে পান ৫১,৫৭২ এবং পোস্টাল ভোটে ২,৫৫৫—মোট ৫৪,১২৭ ভোট।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানান, উচ্চকক্ষে দলের প্রতিনিধিত্ব কারা করবেন তা নিয়ে এখনও দল ও জোটের মধ্যে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে নাম ঘোষণা করা হবে।