সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, সাইফুর রহমানের মতো একজন খ্যাতিমান অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে প্রশ্ন থাকতেই পারে। দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যু নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে জাতীয় বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ছিল—সেটি খুঁজে বের করা প্রয়োজন।
তিনি বলেন, এম সাইফুর রহমান নানা অবদানের কারণে জাতির সম্পদ। তার অর্জন দেশে-বিদেশে স্বীকৃত। তার পর আর কেউ অর্থমন্ত্রী হিসেবে তাকে ছাড়িয়ে যেতে পারেননি।
রিজভী বলেন, দেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও আন্তর্জাতিক পর্যায়ে তিনি সম্মানিত ছিলেন।
তিনি আরও বলেন, দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার চ্যাম্পিয়ন ছিল। সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতি অনুসরণ করে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান এমন একজন ছিলেন, যিনি সারা বিশ্বে অভিনন্দিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তার ‘সুপার ক্যাপাসিটি’ ছিল। তার কৃষি অর্থনীতির কর্মসূচিগুলো দেশে কার্তিক মাসের অভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
শেয়ারবাজার লুট নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন শেয়ারবাজার লুট হয়নি। এটিও তার বিশাল অবদান। দেশের অর্থনীতিকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে সাইফুর রহমানের বড় ভূমিকা ছিল।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।’
তিনি আরও বলেন, একটি দেশ কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে—এটি কেউ ভাবতে পারেনি। কিন্তু অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান তা করতে পেরেছিলেন। আজ দেশের অর্থনীতির যে ভিত্তি, তা সাইফুর রহমানের একক অবদান বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সামাজিক সুরক্ষার ধারণা বাংলাদেশে প্রথম সাইফুর রহমানই দিয়েছিলেন।