পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাকলাইন মুশতাক মনে করেন, ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা শুধু দুই দেশের সম্পর্কেই নয়, ক্রিকেটের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তার ভাষায়, রাজনীতি যেমন মানবজাতির জন্য ক্ষতিকর, তেমনি ক্রিকেটের মতো একটি ঐক্যের খেলাকেও বিভক্ত করছে।
এক সাক্ষাৎকারে সাকলাইন বলেন, রাজনীতি পুরোপুরি বন্ধ হওয়া উচিত। এটি শুধু মানুষের ক্ষতি করে না, ক্রিকেটকেও নষ্ট করছে। ক্রিকেটের উদ্দেশ্য মানুষকে একত্রিত করা, বিভাজন তৈরি করা নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, ভারত ও পাকিস্তান সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ২০১২–১৩ মৌসুমে। সে সময় পাকিস্তান ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। টি-টোয়েন্টিতে দুই দল একটি করে ম্যাচ জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান। এরপর থেকে দুই দল কেবল বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির মতো আন্তর্জাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হচ্ছে।
সাকলাইন আরও বলেন, ক্রিকেটের মূল উদ্দেশ্য বিনোদন ও মানুষের আনন্দ দেওয়া—যুদ্ধ বা রাজনীতির অংশ হওয়া নয়। বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মন্তব্য করতে তিনি অনাগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, ক্রিকেট কোনো যুদ্ধক্ষেত্র নয়। এটি একটি বিনোদনের মাধ্যম। খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর পক্ষে তিনি নন।
উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দলে না রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বাংলাদেশ সরে দাঁড়ানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।